ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ক্রীড়া প্রতিবেদক: জিম, রানিং, ফিল্ডিং আর ম্যাচ সিনারিও প্র্যাকটিস—সব মিলিয়ে নিউজিল্যান্ড সিরিজের আগে কন্ডিশনিং ও স্কিল ক্যাম্প শেষ করেছে বাংলাদেশ দল। জেমস প্যামেন্টের নিপুণ ফিল্ডিং ক্লাস আর ট্রেনার ইফতেখার রহমান ইফতির বৈচিত্র্যময় ফিটনেস সেশনে প্রস্তুতির ঘাটতি না থাকলেও, মিডল অর্ডারের ব্যাটিং ব্যর্থতা টিম ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
গতকাল সোমবার (১৩ এপ্রিল) মিরপুর একাডেমি মাঠে নিজেদের মধ্যে ভাগ হয়ে খেলা প্রস্তুতি ম্যাচের মধ্য দিয়ে শেষ হয় এই ক্যাম্প। ম্যাচে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন ‘এ’ দল নির্ধারিত ৫০ ওভারে ২৯২ রান সংগ্রহ করে। তবে এই পাহাড়সম সংগ্রহের মূল কারিগর ছিলেন ওপেনার সাইফ হাসান। ১৩৩ বলে ১৩৮ রানের এক অপরাজিত টর্নেডো ইনিংস খেলেন তিনি, যা সাজানো ছিল ৬টি চার ও ৮টি ছক্কায়। সাইফ বাদে বাকিরা ২০-৩০ রানের কোটাতেই আটকে গেছেন। তাওহীদ হৃদয় ২৫, আফিফ হোসেন ৩৪ এবং তানজিম হাসান সাকিব ২৭ রান করলেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন মিডল অর্ডারের ব্যাটাররা।
ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও আরও ম্যাচ খেলার প্রয়োজনীয়তা অনুভব করছেন। তিনি বলেন, “খুবই চমৎকার প্রস্তুতি হয়েছে। ৩৬ জন ক্রিকেটার ফিল্ডিং, জিম আর স্কিল ট্রেনিংয়ে অংশ নিয়েছে। আজ (সোমবার) একটি প্র্যাকটিস ম্যাচ খেললাম, তবে আরও দু-একটি ম্যাচ খেলতে পারলে ভালো হতো।”
এদিকে প্রধান নির্বাচক হাবিবুল বাশারের মতে, সুনির্দিষ্ট পরিকল্পনা মাফিক অনুশীলন হওয়ায় প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই। তবে নিউজিল্যান্ড দল তাদের দ্বিতীয় সারির দল নিয়ে আসলেও তাদের হালকাভাবে নিতে নারাজ ব্যাটিং কোচ। আশরাফুলের মতে, বিশ্ব র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে থাকা দলের বিকল্প ক্রিকেটাররা আরও বিপজ্জনক হতে পারেন।
নিউজিল্যান্ড দল গতকাল রাতেই দুই ভাগে ঢাকায় পৌঁছেছে। প্রস্তুতির সবটুকু মাঠে ঢেলে দিয়ে এখন মাঠের লড়াইয়ে মিরাজ-সৌম্যরা মিডল অর্ডারের অস্বস্তি কাটিয়ে উঠতে পারেন কি না, সেটাই দেখার বিষয়।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ