ফরিদপুরে বিএনপি কর্মীর রক্তাক্ত লাশ উদ্ধার
আহমেদ লিওন, নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের সালথা উপজেলায় পান্নু ফকির ওরফে জামু রহমান ফকির (৩৮) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জামু ফকির স্থানীয়ভাবে বিএনপির কর্মী হিসেবে পরিচিত ছিলেন।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলার যদুনন্দী এলাকার একটি সড়কের পাশে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত জামু ফকির উপজেলার কুমারকান্দা গ্রামের রহমান ফকিরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাতে সালথা থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে হত্যা করে যদুনন্দী মৌজার একটি সড়কের পাশে ফেলে রেখে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের স্বজনদের অভিযোগ, গত মঙ্গলবার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। ওই বিরোধের জের ধরেই তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তাঁরা পাঁচজনের নাম উল্লেখ করে অভিযোগ তুলেছেন।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, নিহত ব্যক্তিকে থানায় ডেকে আনা হয়নি। তবে গাছ কাটার ঘটনায় তাকে ফোন করে সতর্ক করা হয়েছিল এবং বৈধ কাগজপত্র দেখিয়ে গাছ কাটার নির্দেশনা দেওয়া হয়েছিল।
সহকারী পুলিশ সুপার আল ফাহাদ জানান, মরদেহে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
এআইএল/সকালবেলা
|