ভালুকায় মসজিদের পুকুর থেকে লাশ উদ্ধার

প্রকাশ: বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ০৩:১০ অপরাহ্ণ
ভালুকায় মসজিদের পুকুর থেকে লাশ উদ্ধার

মোঃ জাকির হোসাইন রাজু, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নে অবস্থিত বগাজান বাজার কেন্দ্রীয় জামে মসজিদের একটি পরিত্যক্ত পুকুর থেকে এক অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) স্থানীয় বাসিন্দারা পুকুরের পানিতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং পানি থেকে লাশটি উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে পুলিশ জানায়, তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে উদ্ধারকৃত লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। ভালুকা মডেল থানা সূত্রে জানা গেছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে।

স্থানীয় প্রতিনিধি তমাল কান্তি সরকার জানান, ঘটনাটিকে ঘিরে বগাজান গ্রামে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। পাশাপাশি এই ব্যক্তির পরিচয় সংক্রান্ত কোনো তথ্য কারো জানা থাকলে তা ভালুকা মডেল থানায় জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন