বেতাগীতে সুদের টাকা নিয়ে মামলা ও হয়রানির অভিযোগ

প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ণ
বেতাগীতে সুদের টাকা নিয়ে মামলা ও হয়রানির অভিযোগ

মোঃ সোহেল রানা, বরগুনা: বরগুনার বেতাগী উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের ভামনের করুনা গ্রামে সুদের টাকা, জমির বায়না ও চেক লেনদেনকে কেন্দ্র করে একাধিক মামলা দায়েরের অভিযোগ উঠেছে মোঃ আলমগীর হোসেন মৃধা ওরফে ‘আলম চাঁদ’-এর বিরুদ্ধে। তবে অভিযুক্তের দাবি, পাওনা টাকা আদায়ের লক্ষ্যেই তিনি আইনগত পদক্ষেপ নিয়েছেন।

মামলায় অভিযুক্তদের একজন স্কুলের অফিস সহকারী মোঃ হাবিবুর রহমান হাওলাদার (৬০) অভিযোগ করেন, তাঁর প্রয়াত ছেলে আলমগীরের কাছ থেকে ৪০ হাজার টাকা সুদে নিয়েছিলেন। ছেলের মৃত্যুর পর পাওনা পরিশোধের সময় চাইলেও তাঁকেসহ প্রবাসফেরত ছেলে, চাকরিজীবী মেয়ে ও পুত্রবধূকে একাধিক মামলায় আসামি করা হয়েছে।

অন্যদিকে, মধ্যস্থতা করতে গিয়ে হয়রানির শিকার হওয়ার দাবি করেছেন মোঃ তরিকুল ইসলাম স্বপন নামের এক ব্যক্তি। আত্মীয়ের প্রয়োজনে দেওয়া চেকের বিপরীতে তাঁর বিরুদ্ধে ৬ লাখ টাকার মামলা করা হয়েছে বলে জানান তিনি।

মামলার নথিতে নাম থাকা দুই সাক্ষী মোঃ শাহজাহান মল্লিক ও মোঃ নান্নু মল্লিক দাবি করেছেন, অর্থ লেনদেন বা আনুষঙ্গিক কোনো নথিপত্রের বিষয়ে তাঁরা কিছুই জানেন না এবং তাঁদের সামনে কোনো লেনদেনও হয়নি। সাক্ষীদের এ বক্তব্যে মামলার সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা।

এসব অভিযোগ অস্বীকার করে আলমগীর হোসেন মৃধা বলেন, হাবিবুর রহমানের সঙ্গে ৬ লাখ টাকার জমির বায়না এবং তরিকুল ইসলাম স্বপনের চেকের ভিত্তিতেই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি এখন আদালতে বিচারাধীন।

এলাকাবাসীর দাবি, প্রকৃত ঘটনা উদঘাটনে সঠিক তদন্ত প্রয়োজন, যাতে প্রকৃত পাওনাদার যেমন তাঁর অধিকার পান, তেমনি কোনো নিরপরাধ ব্যক্তিও যেন হয়রানির শিকার না হন।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন