শার্শায় সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত
বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় স্যালোচালিত ট্রলি ও মোটরসাইকেলের বিকট মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।
আজ সোমবার (২০ জুলাই ২০২৬) সকালে উপজেলার গোগা ইউনিয়নের সালামের মোড়সংলগ্ন রুদ্রপুর গ্রামের সীমান্তে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলের এক আরোহী এবং ট্রলির চালক ও হেলপারসহ আরও ৩ জন গুরুতর আহত হন।
নিহতরা হলেন—বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের জাহাঙ্গীর ভান্ডারীর ছেলে মৃদুল হাসান নাহিদ (২৫) এবং একই গ্রামের জমাত আলীর ছেলে সোহাগ হোসেন ঊষা (২৭)। আহতরা হলেন একই গ্রামের শাহাজাহানের ছেলে রুবেল (৩০), ট্রলিচালক আমিরুল ও হেলপার নিরব। চালক আমিরুল ও হেলপার নিরব শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রোববার রাতে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলা উপভোগ শেষে ভোরে নাহিদ, ঊষা ও রুবেল মোটরসাইকেলযোগে রুদ্রপুর বাজারে চা পানের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে রুদ্রপুর গ্রামের সীমানায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি দ্রুতগতির স্যালোট্রলির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। উভয় যানবাহনের তীব্র গতির কারণে চালকরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই নাহিদ ও ঊষার করুণ মৃত্যু হয়।
পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় রুবেলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আহত ট্রলিচালক ও হেলপারকেও চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। খবর পেয়ে শার্শা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।
দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীমুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এআইএল/সকালবেলা
|