শাহজাদপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ
মো. আব্দুল কুদ্দুস (সিরাজগঞ্জ প্রতিনিধি): দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ঢেউটিন ও গৃহ মঞ্জুরীর চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে শাহজাদপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সোনাতনী ইউনিয়নের নদীভাঙনের শিকার ৭০টি পরিবারের প্রতিটি পরিবারকে দুই বান্ডিল করে ঢেউটিন এবং নগদ ৬ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর এমএ মুহিত (এমপি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর সহধর্মিণী স্থপতি ড. ফাহমিদা মুহিত, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন, সহকারী কমিশনার (ভূমি) মো. ফরিদুল ইসলাম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান।
এছাড়া অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল হক নওশাদ, সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার, আলহাজ্ব রেজাউল ইসলাম রাজা এবং উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আল আমিন হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা