অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি যশোরের এমপি গাজী এনামুল হক
আব্দুল্লাহ আল মামুন (যশোর): যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক অসুস্থ হয়ে যশোরের ইবনে সিনা হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাঁকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য গাজী এনামুল হক। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন এবং বিশ্রামে ছিলেন। কিন্তু সোমবার গভীর রাতে হঠাৎ অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাঁকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তিনি ইবনে সিনা হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, সংসদ সদস্য গাজী এনামুল হকের আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করে মণিরামপুরবাসী, দলীয় নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে দেশবাসীর কাছে বিশেষ দোয়া চাওয়া হয়েছে।
এআইএল/সকালবেলা