খুলনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য
সরদার সাইদী হাসান বাবু (খুলনা ব্যুরো): খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের বাতিভিটা গ্রামে জনি বেগম (৪২) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে স্বামী ও সন্তানেরা বাড়ি থেকে বাইরে যাওয়ার পর নিজ শয়নকক্ষে তাঁর মৃত্যু ঘটে। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা—তা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত জনি বেগম ওই গ্রামের নুরুজ্জামান মোড়লের স্ত্রী। পরিবারের অভাব দূর করতে প্রায় এক বছর ধরে তিনি ঢাকায় একা বসবাস করছিলেন। সম্প্রতি তাঁর হৃদরোগজনিত সমস্যা দেখা দিলে চিকিৎসার জন্য প্রায় ১৫ দিন আগে তিনি গ্রামের বাড়িতে ফেরেন এবং স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছিলেন।
পরিবারের ভাষ্যমতে, ঘটনার দিন সোমবার বিকেল পৌনে চারটার দিকে স্বামী নুরুজ্জামান মোড়ল তিন মেয়েকে নিয়ে শহরের একটি হোটেলে খাবার খেতে যান। এ সময় জনি বেগমকে বাড়িতে রেখে তাঁরা বের হন। পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফিরে এসে ঘরের ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান। কোনো সাড়া না পেয়ে অতিরিক্ত চাবি দিয়ে দরজা খুলে তাঁরা জনি বেগমকে মৃত অবস্থায় দেখতে পান।
প্রাথমিক ধারণা করা হচ্ছে, বিকেল পৌনে চারটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটার মধ্যে কোনো একসময়ে তাঁর মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। খবর পেয়ে দিঘলিয়া থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষা করা হচ্ছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো রহস্যজনক মৃত্যু, তা খতিয়ে দেখতে পুলিশের তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে এ ঘটনায় দ্রুত প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এআইএল/সকালবেলা