লালমনিরহাটে তিস্তার পানি বৃদ্ধিতে বন্যার শঙ্কা

প্রকাশ: শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ণ
লালমনিরহাটে তিস্তার পানি বৃদ্ধিতে বন্যার শঙ্কা

মানজুরল ইসলাম, লালমনিরহাট জেলা প্রতিনিধি: উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ভারতের গজলডোবা ব্যারাজের সবগুলো গেট খুলে দেওয়ায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির এই ধারা অব্যাহত থাকলে যেকোনো সময় বিপৎসীমা অতিক্রম করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

আজ শনিবার (২০ জুন) সকাল ৬টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে এ পরিস্থিতি দেখা যায়। পানি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রেখেছে কর্তৃপক্ষ।

লালমনিরহাটের পাঁচটি উপজেলার ওপর দিয়ে তিস্তা নদী প্রবাহিত হওয়ায় নদীতে সামান্য পানি বাড়লেই বিস্তীর্ণ চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়। ফলে বন্যা পরিস্থিতি নিয়ে চরম আতঙ্কে রয়েছেন নদীপাড়ের মানুষ। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নদী তীরবর্তী এলাকার হাজারো পরিবার পানিবন্দি হয়ে পড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী এলাকার বাসিন্দা মামুন রহমান বলেন, "উজান থেকে প্রচুর পানি আসছে। এভাবে পানি বাড়তে থাকলে যেকোনো সময় নিচু এলাকায় পানি ঢুকে পড়তে পারে।"

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, পরিস্থিতির অবনতি হলে নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

তিস্তা ব্যারাজের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, "শনিবার সকাল ৬টায় তিস্তার পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নিয়ন্ত্রণে রাখতে ব্যারাজের ৪৪টি গেট খুলে রাখা হয়েছে।"

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার বলেন, "উজান থেকে পানি আসায় তিস্তার পানি বাড়ছে। এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। আমরা সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে।"

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন