ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জেলা প্রতিনিধি, মাদারীপুর: মাদারীপুরের শিবচরে একটি গবাদি পশুর খামারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতের এই অগ্নিকাণ্ডে খামারে থাকা ৭টি গাভী, ২০টি হাঁস ও একটি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে খামারটি সম্পূর্ণ ধ্বংস হওয়ায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত খামারি।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ১০টার দিকে শিবচর পৌরসভার শিবরায়ের কান্দি গ্রামের কৃষক ওবায়দুল মোল্লার গবাদি পশুর খামারে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে খামারটিকে গ্রাস করে ফেলে। আগুনের তীব্রতা দেখে স্থানীয়রা দ্রুত ছুটে এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গবাদি পশুসহ খামারটি ভস্মীভূত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে।
ক্ষতিগ্রস্ত খামারি ওবায়দুল মোল্লা কান্নায় ভেঙে পড়ে বলেন, "গবাদিপশুই ছিল আমার জীবিকার একমাত্র অবলম্বন। ধার-দেনা করে এই খামারটি বড় করেছিলাম। আগুনে আমার সব শেষ হয়ে গেল, আমি এখন সম্পূর্ণ নিঃস্ব।" পরিবারের একমাত্র আয়ের উৎস হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি। স্থানীয় বাসিন্দারা এই অসহায় খামারিকে সহায়তার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। শিবচর থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ