সংসদীয় দুই স্থায়ী কমিটিতে ফরিদপুর-৪ আসনের এমপি শহিদুল ইসলাম বাবুল

প্রকাশ: বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ণ
সংসদীয় দুই স্থায়ী কমিটিতে ফরিদপুর-৪ আসনের এমপি শহিদুল ইসলাম বাবুল
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল

হুসাইন আহমেদ লিওন, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়-সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট রাজনীতিবিদ শহিদুল ইসলাম বাবুল।

বাংলাদেশ জাতীয় সংসদ অধিবেশনে মাননীয় স্পিকার এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করেন। খুব দ্রুত সময়ের মধ্যে এ মনোনয়নের পূর্ণাঙ্গ সরকারি ও দাপ্তরিক গেজেট বা চিঠি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে বলে জানা গেছে।

এদিকে জাতীয় সংসদের দুটি প্রভাবশালী স্থায়ী কমিটিতে শহিদুল ইসলাম বাবুল সদস্য মনোনীত হওয়ার খবর এলাকায় পৌঁছালে তাঁর নির্বাচনী এলাকা ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন)-এর সর্বস্তরের মানুষের মাঝে আনন্দ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে। প্রিয় নেতার এই অর্জনে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও সাধারণ মানুষের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হচ্ছে।

এলাকাবাসীর প্রত্যাশা, সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে শহিদুল ইসলাম বাবুল স্থানীয় অবকাঠামোগত উন্নয়ন, পদ্মা অববাহিকার কৃষিভিত্তিক অর্থনীতির বিকাশ এবং নদীভাঙনসহ চরাঞ্চলের দীর্ঘদিনের জনদুর্ভোগের চিত্র জাতীয় নীতি-নির্ধারণী পর্যায়ে আরও বলিষ্ঠভাবে তুলে ধরবেন।

নতুন এই রাষ্ট্রীয় দায়িত্বে তাঁর সর্বাত্মক সফলতা ও দীর্ঘায়ু কামনা করে ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলার সর্বস্তরের জনগণ শুভেচ্ছা ও শুভকামনা অব্যাহত রেখেছেন।

মন্তব্য করুন