চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত

প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ণ
চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত

বিশেষ প্রতিনিধি: চাঁদপুরে দ্রুতগামী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মাহীনুর বেগম (৩৮) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ভাইসহ অটোরিকশার দুই যাত্রী আহত হয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের দেবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহীনুর বেগম সদর উপজেলার তরপুরচণ্ডী ইউনিয়নের নাছির তপাদারের স্ত্রী। আহতদের মধ্যে নিহতের ভাই মো. ইউনুছ (২৮) রয়েছেন। তাঁদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাকিলা এলাকা থেকে অটোরিকশাটি চাঁদপুর শহরের দিকে যাওয়ার পথে দেবপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে সড়কের পাশে ছিটকে পড়লে ঘটনাস্থলেই মাহীনুর বেগমের মৃত্যু হয়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ নিহত নারীর লাশ উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করার পাশাপাশি ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন