বীরগঞ্জে ধানক্ষেত থেকে কিশোরের লাশ উদ্ধার
সাইফুল্লাহ সাইফ (বীরগঞ্জ প্রতিনিধি): দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজের এক সপ্তাহ পর প্রশান্ত রায় (১৭) নামের এক কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সেনপাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত প্রশান্ত রায় ওই ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের রমেশ চন্দ্র রায়ের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১টার দিকে সেনপাড়া গ্রামের একটি ধানক্ষেতে সাবিত্রী নামে এক নারী গবাদিপশুর জন্য ঘাস কাটতে গিয়ে অর্ধগলিত লাশটি দেখতে পান। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন এবং ইউপি সদস্যের মাধ্যমে বীরগঞ্জ থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
নিহতের বাবা রমেশ চন্দ্র রায় জানান, গত এক সপ্তাহ ধরে তার ছেলে নিখোঁজ ছিল। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশটি উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও আইনগত ব্যবস্থা গ্রহণে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।
এআইএল/সকালবেলা