ব্রাহ্মণবাড়িয়া কারাগারে কয়েদির মৃত্যু
সামজাদ জসি, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে মাদক মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত মরন মিয়া (৪০) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ মে) বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত মরন মিয়া ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামের বাসিন্দা ছিলেন। কারাগার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ সোমবার সকালে কারাগারে নাস্তা করার সময় হঠাৎ তীব্র অসুস্থতা ও বুকে ব্যথা বোধ করেন মরন মিয়া। তাৎক্ষণিকভাবে কারাগারের কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। তবে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকলে সকাল সাড়ে ১০টার দিকে তাকে জরুরি ভিত্তিতে কারারক্ষীদের পাহারায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে জরুরি বিভাগে পরীক্ষা-নিরীক্ষার পর বেলা ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারাগারের চিকিৎসক ডা. শাখাওয়াত হোসেন তানভীর জানান, "কয়েদি মরন মিয়া অসুস্থ হওয়ার পরপরই আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিই। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে পৌঁছানোর পর তার প্রেসার, পালস কিংবা অক্সিজেন লেভেল—কোনোটিই পাওয়া যাচ্ছিল না। প্রাথমিকভাবে আমাদের ধারণা, তিনি তীব্র স্ট্রোকজনিত (কার্ডিয়াক অ্যারেস্ট) কারণে মৃত্যুবরণ করেছেন।"
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার মো. মজিবুর রহমান মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত ৯ মে একটি মাদক মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত কয়েদি হিসেবে মরন মিয়া এই কারাগারে আসেন। আজ সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছিল এবং সেখানেই তিনি মারা যান।
জেল সুপার আরও জানান, মৃতের লাশ বর্তমানে জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি এবং ময়নাতদন্তসহ যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর লাশটি আনুষ্ঠানিকভাবে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ.আই.এল/সকালবেলা
|