মোঃ মুকিম উদ্দিন, জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতির ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদঘাটন করেছে ছাতক থানা পুলিশ। অভিযানে জড়িত দুই ডাকাতকে গ্রেফতারের পাশাপাশি লুণ্ঠিত নগদ টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও মুখোশযুক্ত হুডি জ্যাকেট উদ্ধার করা হয়েছে।
বিগত ৬ মে ২০২৬ রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে ছাতক থানাধীন ভাতগাঁও ইউনিয়নের শক্তিয়ারগাঁও এলাকার দারাখাই কুন্দানালা ব্রিজের দক্ষিণ পাশে জগন্নাথপুর-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কে এ ডাকাতির ঘটনা ঘটে। অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল ‘হাবিব ভেরাইটিজ স্টোর’-এর একটি পিকআপ ভ্যান ভাঙচুর করে ২ লাখ ৬ হাজার টাকা লুট করে নেয়। এ সময় ডাকাতদের হামলায় দোকানের কর্মচারী স্বপন দাস, চালক স্বদেব দাস ও প্রান্ত দাস গুরুতর আহত হন।
ঘটনার পর দোকান মালিক মোঃ মতিউর রহমান বাদী হয়ে ছাতক থানায় মামলা দায়ের করেন (মামলা নং-১৩, তারিখ ০৮/০৫/২০২৬)। সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় ছাতক থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ৮ মে রাতে দুই ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো— জগন্নাথপুরের মজিদপুর গ্রামের মোঃ আজির উদ্দিন (৩৩) এবং শান্তিগঞ্জের ইশাকপুর গ্রামের মোঃ হোসাইন আহম্মদ (২২)।
গ্রেফতারকৃত হোসাইন আহম্মদের বাড়ি থেকে ডাকাতিতে ব্যবহৃত একটি রামদা ও নগদ ২৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া পলাতক আসামি লায়েক মিয়ার বাড়ি থেকে একটি তলোয়ার এবং মুখোশযুক্ত হুডি জ্যাকেট উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ডাকাত দলের অন্যান্য সদস্যদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।
এ.আই.এল/সকালবেলা