নবীনগরে পুকুরে ভাসমান লাশ, এলাকায় রহস্য ও চাঞ্চল্য

নবীনগরে পুকুরে ভাসমান লাশ, এলাকায় রহস্য ও চাঞ্চল্য

সামজাদ জসি, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি পুকুর থেকে দেলোয়ার (৫৫) নামের এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (১৫ মার্চ ২০২৬) বিকেলে উপজেলার রসুল্লাবাদ দক্ষিণপাড়ার একটি পুকুরে মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও রহস্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে এলাকাবাসী পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে উৎসুক জনতার ভিড় জমে। পরে নবীনগর থানা পুলিশকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নিহত দেলোয়ার রসুল্লাবাদ গ্রামের বাসিন্দা হলেও দীর্ঘ দিন ধরে পরিবারসহ চট্টগ্রামে বসবাস করতেন। স্থানীয়রা জানান, তিনি মাঝে মাঝে গ্রামে আসতেন এবং বিভিন্ন মাজারে ঘোরাফেরা করতেন। তবে চট্টগ্রামে বসবাসকারী একজন ব্যক্তি গ্রামে এসে কীভাবে বা কখন পুকুরে পড়ে গেলেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান:

“মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। রিপোর্ট পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড।”

ঘটনাটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত কোনো হত্যাকাণ্ড—তা নিয়ে রসুল্লাবাদ দক্ষিণপাড়ায় নানা জল্পনা চলছে। স্থানীয়দের কেউ কেউ মনে করছেন রাতের আঁধারে বা ভোরে কোনো রহস্যময় কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। এলাকাবাসী এই মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রশাসনের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন