রাসিক প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন মাহফুজুর রহমান রিটন

রাসিক প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন মাহফুজুর রহমান রিটন

আবু কাওসার মাখন, রাজশাহী ব্যুরো: রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) নতুন প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন নগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। 

সোমবার (১৬ মার্চ ) দুপুরে নগর ভবনে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন।

দুপুর ২টার দিকে নগর ভবনের প্রশাসকের কক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার আ.ন.ম. বজলুর রশীদ নতুন প্রশাসকের হাতে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা দিয়ে মাহফুজুর রহমান রিটনকে বরণ করে নেন।

দায়িত্ব গ্রহণের আগে দুপুর ১২টার দিকে মাহফুজুর রহমান রিটন রাজশাহীর ঐতিহ্যবাহী হযরত শাহ মখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করেন। সেখানে তিনি নগরবাসীর উন্নয়ন ও দেশ-জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।

দায়িত্ব গ্রহণ শেষে নবনিযুক্ত নগর প্রশাসক মাহফুজুর রহমান রিটন তাঁর অগ্রাধিকারমূলক কাজের রূপরেখা তুলে ধরেন। তিনি বলেন:

“আমি আপনাদের প্রশাসক হিসেবে নয়, সেবক হিসেবে কাজ করতে চাই। আসন্ন পবিত্র ঈদুল ফিতরের নামাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার ব্যবস্থাপনা নিশ্চিত করা আমার প্রথম কাজ। বর্তমানে নগরী কিছুটা অপরিচ্ছন্ন রয়েছে, তা ঈদের আগেই পরিষ্কার করতে চাই। এছাড়া ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং মশার উপদ্রব দমনে আমি সর্বোচ্চ গুরুত্ব দেব। কর্পোরেশনের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে চলমান উন্নয়ন কাজগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে।”

রাসিকের নতুন এই অভিভাবককে ঘিরে নগর ভবনের কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। জলাবদ্ধতা ও মশা নিধনে তাঁর ঘোষণা নগরবাসীর মধ্যে আশার সঞ্চার করেছে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন