ব্রাহ্মণবাড়িয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের মুন্সেফপাড়ায় একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে মো. জুয়েল (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল সদর উপজেলার দক্ষিণ পৈরতলা এলাকার আব্দুল সালামের ছেলে। স্থানীয়দের অভিযোগ, ভবন নির্মাণে ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা না থাকায় মুন্সেফপাড়া এলাকায় বারবার এমন প্রাণহানির ঘটনা ঘটছে, যা প্রশাসনের চোখের সামনে চললেও প্রতিকারে কোনো কার্যকর পদক্ষেপ নেই।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটের দিকে মুন্সেফপাড়ার ওই নির্মাণাধীন ভবনের উপরে কাজ করার সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান জুয়েল। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর ভবন নির্মাণে নিরাপত্তার বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। সরেজমিনে দেখা গেছে, বহুতল এই ভবনটি নির্মাণে কোনো সেফটি নেট বা নিরাপত্তা বেষ্টনী ব্যবহার করা হয়নি। এমনকি শ্রমিকদের জন্য ছিল না কোনো হেলমেট বা সেফটি বেল্ট। নাম প্রকাশে অনিচ্ছুক একজন শ্রমিক ক্ষোভ প্রকাশ করে জানান, মালিকপক্ষ শুধু কাজ বুঝে নিতে চায় কিন্তু শ্রমিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে তারা বরাবরই উদাসীন।

ছেলের অকাল মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন পিতা আব্দুল সালামসহ স্বজনেরা। তাদের আর্তনাদে হাসপাতালের বাতাস ভারী হয়ে ওঠে। শোকসন্তপ্ত পরিবারের দাবি, ভবন মালিকের চরম অবহেলার কারণেই আজ জুয়েলকে প্রাণ দিতে হয়েছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, খবর পাওয়ার পরপরই পুলিশ হাসপাতালে এবং ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল সম্পন্ন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে কোনো লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নিশ্চিত করেছে পুলিশ।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন