শ্যামনগরে মাদক ও ভারতীয় পণ্যসহ আটক ১
মেহেদী হাসান মারুফ, শ্যামনগর (সাতক্ষীরা) অফিস: সাতক্ষীরার শ্যামনগরে এক সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ কোডিনযুক্ত মাদক সিরাপ ও ভারতীয় চোরাচালানি পণ্যসহ মো. আব্দুল মজিদ শেখ (৩৬) নামের এক পেশাদার চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
আজ শনিবার (৪ জুলাই) সকালে উপজেলার মথুরাপুর এলাকায় এই অভিযান চালানো হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লাখ ৮৩ হাজার টাকা।
গ্রেপ্তারকৃত আব্দুল মজিদ শেখ সাতক্ষীরার সীমান্ত এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে সে দেশের সীমান্ত গলিয়ে মাদক ও ভারতীয় অবৈধ পণ্য এনে দেশের অভ্যন্তরীণ বাজারে তা পাইকারি সরবরাহ করে আসছিল।
র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, অবৈধ পণ্যের একটি বড় চালান মথুরাপুর এলাকা দিয়ে পার হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে সকালে ওই এলাকায় ওত পেতে থাকেন র্যাব সদস্যরা। সন্দেহভাজন ২টি ব্যাটারিচালিত ছোট কাভার্ড ভ্যান তল্লাশি করে আব্দুল মজিদকে হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে কাভার্ড ভ্যান দুটি থেকে ১ হাজার ৮৮৩ বোতল আমদানি নিষিদ্ধ কোডিনযুক্ত ভারতীয় মাদক সিরাপ (উইনসিরেক্স, এসকাফ ও ফেয়ারডিল), ১ হাজার ৫০০ পাতা ভারতীয় ‘এল-হিস্ট মন্ট’ ট্যাবলেট, ৬০ পাতা ‘আলফা-কেটোজক্স’ ওষুধ এবং ৩২০ ব্যাগ ভারতীয় ‘বাপ্পা বিড়ি’ উদ্ধার করা হয়। একই সাথে চোরাচালানি ও মাদক পরিবহনে ব্যবহৃত ব্যাটারিচালিত ছোট কাভার্ড ভ্যান দুটিও জব্দ করেছে বাহিনীটি।
র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার জায়েেন উদ্দিন মোহাম্মদ জিয়াদ অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, “আটক আব্দুল মজিদ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও আন্তর্জাতিক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সীমান্ত এলাকায় অবৈধ ব্যবসা চালিয়ে আসছিল।”
তিনি আরও জানান, উদ্ধারকৃত বিপুল পরিমাণ মাদক ও অবৈধ আলামতসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ ও চোরাচালান বিরোধী সংশ্লিষ্ট ধারায় শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই চক্রের সাথে জড়িত এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া পলাতক অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে র্যাবের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।
এআইএল/সকালবেলা
|