পীরগাছায় জমিতে ঘর তুলতে বাধার অভিযোগ

প্রকাশ: বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৯ অপরাহ্ণ
পীরগাছায় জমিতে ঘর তুলতে বাধার অভিযোগ

হাবিবুর রহমান হাবিব, পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছায় রেকর্ডভুক্ত ও কবলাকৃত জমিতে ঘর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। প্রতিপক্ষের বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী ফরিদুল ইসলাম বাদী হয়ে পীরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের রহমতচর এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, রহমতচর মৌজার এসএ দাগ নং-২৮০ এবং বিএস দাগ নং-২১৪ ও ২১৭ সহ সর্বমোট ৩৪ শতক জমি নিয়ে ফরিদুল ইসলামের সাথে একই এলাকার আনছার আলী, জহুরুল ইসলাম, আয়নাল হোসেন, আব্দুর রশিদ ও তোফাজ্জল হোসেন গংদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ফরিদুল ইসলামের দাবি, তিনি ও তাঁর ওয়ারিশগণ কবলা দলিল এবং এসএ রেকর্ডমূলে এই জমির বৈধ মালিক হিসেবে ভোগ দখলে আছেন। তবে অভিযুক্তরা জোরপূর্বক জমির অধিকাংশ অংশ দখল করে রেখেছেন।

লিখিত অভিযোগে জানা যায়, গত ৮ জুন জমি পরিমাপ করে ফরিদুল ইসলাম সেখানে বসবাসের জন্য একটি ঘর তোলার চেষ্টা করেন। এ সময় প্রতিপক্ষরা লাঠিসোটা নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সেখানে উপস্থিত হয় এবং ঘর সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। ঘর সরাতে অস্বীকৃতি জানালে ফরিদুল ইসলামকে গালিগালাজসহ বিভিন্ন ধরনের হুমকি-ধামকি এবং প্রাণনাশের ভয় দেখানো হয় বলে তিনি অভিযোগে উল্লেখ করেন।

ভুক্তভোগী ফরিদুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, “জমির সব বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও আমি নিজের জায়গায় বসবাসের জন্য একটি ছোট ঘর তুলতে পারছি না। প্রতিপক্ষরা প্রভাবশালী হওয়ায় আমাকে ও আমার পরিবারকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।” তিনি প্রশাসনের কাছে নিরাপত্তা ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, এই জমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ-বৈঠকের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও তা সফল হয়নি। তবে হুমকির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত আব্দুর রশিদ।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম খন্দকার মুহিব্বুল ইসলাম লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, “জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন