সোনারগাঁওয়ে ডাকাত সর্দার 'জঙ্গি সোহান' গ্রেপ্তার

প্রকাশ: বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ণ
সোনারগাঁওয়ে ডাকাত সর্দার 'জঙ্গি সোহান' গ্রেপ্তার

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অস্ত্র, ডাকাতি, ছিনতাই ও দস্যুতাসহ ১৯টি মামলার পলাতক আসামি ও কুখ্যাত ডাকাত সর্দার দুর্ধর্ষ 'জঙ্গি সোহান'কে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার (১ জুলাই) দুপুরে কড়া পুলিশ পাহারায় তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত সোহান উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারের বিশেষ নির্দেশনায় এবং সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ারের সার্বিক তত্ত্বাবধানে পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। উপ-পরিদর্শক (এসআই) মো. সারোয়ার হোসেনের নেতৃত্বে সংগীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মোগরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে এই দুর্ধর্ষ ডাকাত সর্দারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

সোনারগাঁও থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সোহানের বিরুদ্ধে সোনারগাঁওসহ বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, দস্যুতা, ছিনতাই, ডাকাতির প্রস্তুতি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ মোট ১৯টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় একটি অপরাধী চক্র গড়ে তুলে বিভিন্ন মহাসড়ক ও লোকালয়ে ডাকাতি ও ছিনতাই করে আসছিলেন।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "জঙ্গি সোহান এলাকার একজন চিহ্নিত অপরাধী ও ডাকাত সর্দার। তাঁর কারণে সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ছিল। সুনির্দিষ্ট মামলার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করে আজ বুধবার বেলা ১২টার দিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।"

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন