বগুড়ায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

প্রকাশ: বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ণ
বগুড়ায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

ওয়াফিক শিপলু, বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরের ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশন। 

আজ বুধবার (১ জুলাই) নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এলাকায় এই অভিযান চালিয়ে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অসংখ্য অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযান পরিচালনাকালে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা এবং অবৈধ স্থাপনা নির্মাণের দায়ে সংশ্লিষ্ট দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বগুড়া সিটি কর্পোরেশনের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. পপি খাতুন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

সিটি কর্পোরেশন সূত্র জানায়, দীর্ঘদিন ধরে নগরীর প্রধান সড়ক সংলগ্ন ফুটপাতগুলো অবৈধ হকার ও প্রভাবশালী মহলের দখলের কারণে সাধারণ মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। ফলে বাধ্য হয়ে পথচারীদের মূল সড়ক দিয়ে হাঁটতে হতো, যা তীব্র যানজট সৃষ্টির পাশাপাশি প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তুলছিল। নগরীর শৃঙ্খলা ফিরিয়ে আনা, যানজট হ্রাস এবং সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতেই এই তড়িৎ পদক্ষেপ নেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, শহরকে পরিচ্ছন্ন, দখলমুক্ত ও আধুনিক বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে এ ধরনের অভিযান এখন থেকে নিয়মিতভাবে পরিচালনা করা হবে। ফুটপাত বা সড়ক অবৈধভাবে দখল করার চেষ্টা করা হলে ভবিষ্যতেও কর্পোরেশনের পক্ষ থেকে এমন কঠোর আইনি অবস্থান বজায় থাকবে।

এদিকে দীর্ঘদিন পর শহরের ব্যস্ততম ফুটপাতগুলো দখলমুক্ত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ নগরবাসী। স্থানীয় সচেতন নাগরিকদের মতে, ফুটপাত পথচারীদের জন্য উন্মুক্ত থাকলে একদিকে যেমন শহরের সৌন্দর্য ও শৃঙ্খলা ফিরবে, অন্যদিকে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে হ্রাস পাবে। তারা এই উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়ে তা ধরে রাখার দাবি জানিয়েছেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন