চিকিৎসা সরঞ্জাম উৎপাদনে বাংলাদেশ-তুরস্ক যৌথ উদ্যোগ

প্রকাশ: শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:০৮ অপরাহ্ণ
চিকিৎসা সরঞ্জাম উৎপাদনে বাংলাদেশ-তুরস্ক যৌথ উদ্যোগ
অনলাইন ডেস্ক ঃ চিকিৎসা সরঞ্জাম উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে তুরস্ক ও বাংলাদেশের যৌথ বিনিয়োগে প্রতিষ্ঠিত ‘মেগাসান মেডিকেল ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ লিমিটেড’-এর আনুষ্ঠানিক উৎপাদন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) পাবনার ঈশ্বরদীতে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আন্তর্জাতিক মানের চিকিৎসা সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠানটির পথচলা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজধানী থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “দেশে আন্তর্জাতিক মানের আধুনিক চিকিৎসা সরঞ্জাম উৎপাদন শুরু হওয়া একটি যুগান্তকারী ঘটনা। এর ফলে চিকিৎসা খাতের আমদানিনির্ভরতা উল্লেখযোগ্য হারে কমবে, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং দেশের সামগ্রিক স্বাস্থ্যসেবা খাত আরও আধুনিক ও শক্তিশালী হয়ে উঠবে।” এ সময় তিনি এই যৌথ বিনিয়োগের কোম্পানিকে সরকারের পক্ষ থেকে সব ধরনের নীতিগত ও সর্বাত্মক সহযোগিতা করার দৃঢ় আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল স্মারক ফলক উন্মোচনের মাধ্যমে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। ফলক উন্মোচন শেষে তিনি মেগাসান তুরস্কের চেয়ারম্যান আরিফ সিলেকতিনের সঙ্গে যৌথভাবে প্রতিষ্ঠানের আধুনিক চিকিৎসা সরঞ্জামের বিশেষ প্রদর্শনীর ফিতা কেটে উদ্বোধন করেন।

একই সময়ে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. কামরুল ইসলাম যৌথভাবে প্রতিষ্ঠানের আধুনিক ‘ইকুইপমেন্ট টেস্টিং ল্যাব’ এর দ্বার উন্মোচন করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের (বিএসআরআই) মহাপরিচালক ড. কবির উদ্দিন আহমেদ, পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. শোয়াইব এবং পাবনা জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেগাসান মেডিকেল ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. নাজমুল হাসান এবং অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মেগাসান বাংলাদেশের নির্বাহী পরিচালক ওয়াহিদুল হাসান টপি।

এ সময় উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তা, দেশের শীর্ষস্থানীয় চিকিৎসক, শিল্পোদ্যোক্তা, দেশি-বিদেশি বিনিয়োগকারী, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন