কসবায় গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজাসহ আছমা আক্তার (৪০) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে কসবা পৌরসভার টিআলী মোড়-কুটি চৌমুহনী সড়কের শাহপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে কসবা থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আছমা কসবা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামের মোঃ সফি মিয়ার স্ত্রী।
পুলিশ জানায়, কসবা থানার এসআই সাজ্জাদ উল করিমের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শাহপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আছমা আক্তারকে তল্লাশি করে তাঁর কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (মামলা নং-২১) দায়ের করা হয়েছে। কসবাকে মাদকমুক্ত করতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
এআইএল/সকালবেলা
|