গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০

প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ণ
গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০

পলাশ চন্দ্র বিশ্বাস, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী এলাকায় ড্রাম ট্রাক ও লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের বৌলতলী এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

বৌলতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শফিউল আলম জানান, টেকেরহাট থেকে গোপালগঞ্জগামী ‘সোনালী পরিবহন’-এর একটি লোকাল বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায় এবং ট্রাকটি মহাসড়কের ওপর উল্টে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। আহত ও নিহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনার পর কিছুক্ষণ মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন