নেত্রকোনা ও সিলেটে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া ও সিলেটের ফেঞ্চুগঞ্জে পৃথক বজ্রপাতের ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জের হাকালুকি হাওর সংলগ্ন জুড়ি নদী এলাকায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তিন জেলের মৃত্যু হয়। আজ বৃহস্পতিবার (১৮ জুন) পৃথক সময়ে এই আকস্মিক বজ্রপাতের ঘটনাগুলো ঘটে।
সিলেটের ফেঞ্চুগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত তিনজন হলেন—মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কামালপুর গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে ছাবির মিয়া (৪০), মৃত জহির মিয়ার ছেলে হামিদ (৪৫) এবং তার আপন ছোট ভাই কাবিল (৩৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বৃষ্টির মধ্যে হাকালুকি হাওর এলাকার জুড়ি নদীতে নৌকায় মাছ ধরতে যান ওই তিন জেলে। বেলা ১১টার দিকে আকস্মিক বজ্রপাতের শিকার হলে ঘটনাস্থলেই ছাবির মিয়া ও হামিদের মৃত্যু হয় এবং কাবিল নদীতে ছিটকে পড়ে নিখোঁজ হন। ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির বলেন, নিহতদের মধ্যে একজনের লাশ এখনও নিখোঁজ রয়েছে। তার সন্ধানে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন জুড়ি নদীতে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। উদ্ধার হওয়া দুজনের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
অন্যদিকে নেত্রকোনার কেন্দুয়ায় পৃথক স্থানে বজ্রপাতে আরও দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—উপজেলার মাসকা ইউনিয়নের দিগলী গ্রামের সুরুজ আলীর ছেলে শামসুল হুদা এবং সান্দিকোনা ইউনিয়নের ডাউকি গ্রামের বেদেনার ছেলে আশরাফুল ইসলাম। স্থানীয়রা জানান, শামসুল হুদা দুপুরে মুড়াই বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের শিকার হন। অপরদিকে আশরাফুল ইসলামকে মরাপুড়ি ডোবা এলাকা থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই ওই দুজনের মৃত্যু হয়েছে।
|