ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় ডেস্ক: উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবটিকস, স্মার্ট উৎপাদন এবং দ্রুত বিকাশমান সেমিকন্ডাক্টর শিল্পে বাংলাদেশের নিজস্ব সক্ষমতা তুলে ধরেছে ড্যাফোডিল গ্রুপ।
আজ শনিবার (২৫ জুলাই) রাজধানীর আগারগাঁওস্থ ভাসানী নভোথিয়েটারে আয়োজিত ‘সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিয়ার সামিট-২০২৬’-এ প্রযুক্তিভিত্তিক শিক্ষা, উদ্ভাবন ও ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সমন্বয়ে গড়ে তোলা বিশেষ ইকোসিস্টেম উপস্থাপন করে প্রতিষ্ঠানটি।
প্রদর্শনীতে ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম (এমপি) এবং মাননীয় আইসিটি উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ সরকারের সংশ্লিষ্ট উচ্চপদস্থ সচিববৃন্দ।
প্যাভিলিয়ন পরিদর্শনকালে প্রধানমন্ত্রী ড্যাফোডিল গ্রুপের বিভিন্ন প্রযুক্তিগত সাফল্য, বিশেষ করে ‘ডিসিএল হাই-টেক’-এর আওতায় দেশে নির্মিত ল্যাপটপ ও আইসিটি হার্ডওয়্যার প্রস্তুতকরণ কার্যক্রম ঘুরে দেখেন এবং স্থানীয় উৎপাদন সক্ষমতা পর্যবেক্ষণ করেন। ড্যাফোডিলের এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী এসব প্রযুক্তিপণ্যকে 'মেড ইন বাংলাদেশ' পরিচয়ে বৈশ্বিক প্রতিযোগিতায় তুলে ধরার আহ্বান জানান।
পরিদর্শনের এক পর্যায়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খানের সৌজন্য মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় ড. সবুর খান শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন সাশ্রয়ী প্রযুক্তি প্রকল্প প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন, যার মাধ্যমে সরকারি উদ্যোগসমূহ কম খরচে বাস্তবায়ন করা সম্ভব। প্রধানমন্ত্রী প্রস্তাবটি গুরুত্বসহকারে শোনেন এবং আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে ২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমালে প্রতিষ্ঠিত ‘আইসিটি টাস্কফোর্স’ পুনরায় সক্রিয় করার প্রস্তাব দিলে তা বিবেচনার আশ্বাস দেন বর্তমান প্রধানমন্ত্রী। এছাড়া ড্যাফোডিল হাই-টেক পার্ক পরিদর্শনের আমন্ত্রণও গ্রহণ করেন তিনি।
উল্লেখ্য, ড্যাফোডিল তাদের প্যাভিলিয়নে সারফেস মাউন্ট টেকনোলজি (SMT), পিসিবি সংযোজন, ড্যাফোডিল রোবটিকসের উদ্ভাবনী সমাধান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (DIU) কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তা বিষয়ক ক্যাপস্টোন প্রজেক্ট এবং ড্যাফোডিল সফটওয়্যারের ‘এআই প্রফেসর’ ও ‘১ কার্ড’-এর মতো ফ্ল্যাগশিপ সেবা প্রদেয় প্রযুক্তিগুলো প্রদর্শন করে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের অংশগ্রহণ বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশ ও তরুণদের প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানে বড় অবদান রাখবে।
|