কালিয়াকৈরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নে মাদকের বিস্তার রোধে সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ মে) সকালে মধ্যপাড়া ইউনিয়ন এলাকাবাসীর আয়োজনে ঠাকুরপাড়া এলাকায় এই কর্মসূচি পালিত হয়।
মাদকবিরোধী র্যালিটি ঠাকুরপাড়া বাজার থেকে শুরু হয়ে নাকচালা এলাকায় গিয়ে শেষ হয়। এতে এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ফরিদুল ইসলাম সাগর, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিবুর রহমান ও শাহ আলম সিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, মধ্যপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে রমরমা মাদক ব্যবসা চলায় যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে। মাদক নির্মূলে এবং ভবিষ্যৎ প্রজন্মকে বিপথ থেকে রক্ষা করতে প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ জরুরি। অবিলম্বে এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক কারবারিদের গ্রেপ্তারের দাবি জানান এলাকাবাসী।
এ.আই.এল/সকালবেলা