‘আমার এখনো বিয়ে হয়নি’, গুঞ্জনে বেজায় চটেছেন পূজা চেরী

প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ণ
‘আমার এখনো বিয়ে হয়নি’, গুঞ্জনে বেজায় চটেছেন পূজা চেরী
সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ প্রকাশ করে স্ট্যাটাস দেওয়া চিত্রনায়িকা পূজা চেরী।

শোবিজ ডেস্ক: নিজের বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে ছড়িয়ে পড়া মুখরোচক জল্পনা ও অসত্য খবরে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরী। সব ভিত্তিহীন খবর উড়িয়ে দিয়ে স্পষ্ট ভাষায় তিনি জানিয়েছেন, "আমার এখনো বিয়ে হয়নি। যখন সত্যি সত্যি বিয়ে করব, তখন আপনারাই সবচেয়ে আগে জানতে পারবেন।"

সোমবার (১৭ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে পূজা চেরী তার এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

সামাজিক মাধ্যমে পূজা লিখেছেন, গত কয়েক দিন ধরে একাধিক সংবাদমাধ্যমে তাঁর ব্যক্তিগত জীবন ও বিয়েকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হচ্ছে। কখনো ব্যবসায়ী বা অন্য পেশার ব্যক্তির নাম জড়িয়ে অসত্য গল্প তৈরি করা হচ্ছে, যা তাঁর জন্য অত্যন্ত বিব্রতকর ও মর্যাদাহানিকর।

পূজা আরও মনে করিয়ে দেন, ইতিপূর্বেও একটি সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছিলেন যে তিনি এনগেজড এবং পারিবারিকভাবে তাঁর বিয়ে নির্ধারণ করা আছে। যথাসময়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে তিনি নিজ আনন্দেই ভক্ত ও গণমাধ্যমকে তা নিশ্চিত করবেন।

বর্তমানে নতুন প্রজেক্টের প্রস্তুতির কারণে ক্যামেরার অন্তরালে রয়েছেন জানিয়ে অভিনেত্রী প্রশ্ন তোলেন, তাঁর এই নীরবতাকে কেন বিভ্রান্তিকর খবরের সুযোগ হিসেবে ব্যবহার করা হচ্ছে? অভিনেত্রী কঠোর বার্তা দিয়ে লেখেন, "আমার এই নীরবতাকে কেউ যদি অপব্যবহার করে ভিত্তিহীন সংবাদ বানায়, তবে নিজের অধিকার ও সুনাম রক্ষায় আমি বাধ্য হয়ে আইনি পদক্ষেপ নেব।"

নিজের ব্যক্তিগত গোপনীয়তার অধিকার প্রসঙ্গে তিনি দেশের সংবিধানের ৩১ ও ৪৩ অনুচ্ছেদের কথা স্মরণ করিয়ে দেওয়ার পাশাপাশি সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ২৫ ধারা উল্লেখ করেন। ইন্টারনেট বা ডিজিটাল মাধ্যমে কারও বিরুদ্ধে মিথ্যা, অপমানজনক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করতে সাংবাদিক ও মাধ্যমগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, সম্প্রতি শোবিজ অঙ্গনে গুঞ্জন ছড়িয়েছিল যে দেশের এক বিশিষ্ট ব্যবসায়ীর সঙ্গে গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন পূজা চেরী। তবে এবার সরাসরি প্রতিক্রিয়া জানিয়ে সব ধরনের গুঞ্জনে ইতি টানলেন এই অভিনেত্রী।

শিশুশিল্পী হিসেবে অভিনয় জীবন শুরু করে পরবর্তীতে ‘পোড়ামন ২’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে ব্যাপক পরিচিতি পান পূজা চেরী। পরবর্তীতে ‘দহন’, ‘নূর জাহান’, ‘শান’, ‘গলুই’, ‘হৃদিতা’, ‘জ্বীন’, ‘লিপস্টিক’, ‘আগন্তুক’, ‘টগর’, ‘মাসুদ রানা’ ও ‘দম’-এর মতো ব্যবসাসফল ও প্রশংসিত চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

মন্তব্য করুন