বেতাগীতে জরাজীর্ণ কাজীরহাট বাজার, দুর্ভোগে ক্রেতা-বিক্রেতারা
মোঃ সোহেল রানা, বরগুনা: বরগুনার বেতাগী উপজেলার ৫ নম্বর বুড়ামজুমদার ইউনিয়নের ঐতিহ্যবাহী কাজীরহাট বাজারের ইজারাকৃত জমি বেদখল হয়ে থাকার অভিযোগ উঠেছে। একই সঙ্গে ড্রেনেজ ব্যবস্থার চরম বেহাল দশা ও ব্যবহারের অনুপযোগী পাবলিক টয়লেটের কারণে বাজারটিতে চরম ভোগান্তিতে পড়ছেন ক্রেতা-বিক্রেতারা।
কাজীরহাট বাজারের ইজারাদার মো. মাহবুবুর রহমান অভিযোগ করে জানান, বাজারে মাছের টোলসহ বিভিন্ন খাত ইজারা নেওয়া সত্ত্বেও বাজারের মূল জমি তাঁকে বুঝিয়ে দেওয়া হয়নি। জায়গা সংকটের কারণে বাধ্য হয়ে ব্যবসায়ীরা মহাসড়কের দু'পাশে চারাগাছ ও অন্যান্য দোকান বসাচ্ছেন, যা বড় ধরনের সড়ক দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে। এ বিষয়ে উপজেলা ভূমি কর্মকর্তার কাছে লিখিত আবেদন জানিয়েও প্রতিকার মেলেনি বলে অভিযোগ তাঁর।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বাজারটিতে পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা নেই। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার পাশাপাশি ময়লা-আবর্জনা জমে নোংরা পরিবেশের সৃষ্টি হচ্ছে। এ ছাড়া বাজারের একমাত্র পাবলিক টয়লেটটি দীর্ঘ দিন ধরে দেখভালের অভাবে পুরোপুরি অকেজো হয়ে রয়েছে।
স্থানীয় ভুক্তভোগী ক্রেতা-বিক্রেতারা অবিলম্বে কাজীরহাট বাজারের জমি মেপে সীমানা নির্ধারণসহ দখলমুক্ত করার জোর দাবি জানিয়েছেন। পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ ও আধুনিক ড্রেনেজ অবকাঠামো নিশ্চিতে কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন তারা।
এআইএল/সকালবেলা
|