অনলাইন জালিয়াতি: ফিলিপাইনে ২৪৪ বিদেশি কর্মী আটক
অনলাইন ডেস্ক: অবৈধ অনলাইন জুয়া ও সাইবার জালিয়াতি কার্যক্রমের বিরুদ্ধে চলতি ২০২৬ সালের সবচেয়ে বড় যৌথ অভিযান পরিচালনা করে ২৪৪ জন বিদেশি কর্মীকে আটক করেছে ফিলিপাইনের অভিবাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটককৃতদের বেশিরভাগই চীনের নাগরিক বলে নিশ্চিত করেছে দেশটির অভিবাসন ব্যুরো।
ফরাসি বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, শনিবার (৩ অক্টোবর) রাতে এক বিশেষ বিজ্ঞপ্তিতে অভিযানের তথ্য জনসমক্ষে আনে অভিবাসন ব্যুরো।
বিবৃতিতে জানানো হয়, ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিনদানাও অঞ্চলের দুটি পৃথক স্থাপনায় সেনা ও যৌথ বাহিনীর অভিযানের প্রথম স্থানে ১১০ জন চীনা নাগরিক, ২ জন কম্বোডীয় এবং হংকংয়ের ১ জন নাগরিককে আটক করা হয়। পরবর্তীতে দ্বিতীয় আস্তানায় চালানো অভিযানে আরও ১৩১ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যেও সিংহভাগই চীনা নাগরিক। বাকিদের মধ্যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও মিয়ানমারের নাগরিক রয়েছেন।
অভিযান চালানো আস্তানাগুলো থেকে বিপুল পরিমাণ অত্যাধুনিক কম্পিউটার সরঞ্জাম, অ্যানড্রয়েড মোবাইল ফোন, ল্যাপটপ এবং হাজার হাজার অবৈধ সিম কার্ড জব্দ করা হয়েছে। অভিবাসন ব্যুরো আরও জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে মানবপাচারের মতো গুরুতর অপরাধের সাথে প্রত্যক্ষ সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে এবং তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। অন্যান্যদের ফিলিপাইন থেকে নিজ নিজ দেশে ফেরত (ডির্পোট) পাঠানো হবে।
ফিলিপাইনের অভিবাসন ব্যুরোর প্রধান জোয়েল ভিয়াদো কঠোর বার্তা দিয়ে বলেন, ‘আমরা ফিলিপাইনে অবস্থানের শর্ত ও নিয়ম লঙ্ঘনকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে অভিবাসন আইন প্রয়োগ করা অব্যাহত রাখব। একই সঙ্গে নিশ্চিত করব, কোনো অবস্থাতেই ফিলিপাইন যেন আন্তর্জাতিক অনলাইন অপরাধ ও অবৈধ কর্মকাণ্ড পরিচালনার ঘাঁটি হিসেবে ব্যবহৃত না হয়।’
উল্লেখযোগ্য যে, মানবপাচার, অর্থপাচার, অনলাইন অর্থ প্রতারণা, অপহরণ ও হত্যাকাণ্ডের মতো একের পর এক ভয়ঙ্কর অপরাধে জড়িত চক্রগুলো আড়াল হিসেবে অবৈধ অনলাইন গেমিং সংস্থাকে ব্যবহার করছিল। এসব অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে ফিলিপাইন সরকার ২০২৪ সালে দেশটিতে পরিচালিত ফিলিপাইন অফশোর গেমিং অপারেটরস বা 'পিওজিও' (POGO) সম্পূর্ণ নিষিদ্ধ করে।
অভিবাসন ব্যুরো এই অভিযানটিকে ২০২৬ সালের মধ্যে 'পিওজিও' বিরোধী সবচেয়ে বড় সফল অভিযান হিসেবে চিহ্নিত করেছে। তবে বিষয়টি নিয়ে ম্যানিলাস্থ চীনা দূতাবাসের সাথে যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে তাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।