কোটচাঁদপুরে পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ণ
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে নিখোঁজের প্রায় তিন ঘণ্টা পর বাওড়ের পানি থেকে ইভা খাতুন (১৩) নামে এক প্রতিবন্ধী শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার ফুলবাড়ি গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ইভা ওই গ্রামের ইউসুফ আলীর মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ২টার পর থেকে ইভাকে হঠাৎ কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা গ্রামের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে ব্যর্থ হন।
পরবর্তীতে এক প্রতিবেশী বাড়ির পাশের বাওড়ের পানিতে শিশুর লাশ ভাসতে দেখে স্বজনদের খবর দেন। পরে স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়।
প্রতিবন্ধী শিশুটির এমন অকাল মৃত্যুতে পরিবার ও পুরো গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
এআইএল/সকালবেলা
|