টাঙ্গাইলে নিখোঁজ পলিটেকনিক শিক্ষার্থীর লাশ উদ্ধার
সুমন ঘোষ, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর জিহাদ হোসেন আসিফ (১৮) নামে এক পলিটেকনিক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) সকালে সদর উপজেলার টাঙ্গাইল-কালামপুর আঞ্চলিক মহাসড়কের গাড়াইল আন্ডারপাস এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আসিফ টাঙ্গাইল সদর উপজেলার চর পাতুলী কচুয়াডাঙ্গা এলাকার মনোয়ার হোসেনের ছেলে। তিনি হাজী আবুল হোসেন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের (হাবিট) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা ডোবার পানিতে অর্ধনিমজ্জিত অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করলে পরিবারের সদস্যরা এটি আসিফের বলে শনাক্ত করেন।
পরিবার জানায়, শুক্রবার দুপুরে পুটিয়াজানি হাটে গিয়ে নিখোঁজ হন আসিফ। রাত পর্যন্ত তাঁর ফোন বন্ধ থাকায় স্বজনরা থানায় বিষয়টি জানান।
টাঙ্গাইল সদর থানার উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ রাহাদুজ্জামান আকন্দ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটির কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এআইএল/সকালবেলা
|