নাসিরনগরে এনসিপি নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ
মোঃ শরীফ উদ্দিন, নাসিরনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে স্থানীয় সংসদ সদস্য ও সরকারের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেতা আসাদুজ্জামান খোকনকে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর রাজবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আসাদ খোকন নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে বনভোজনের অংশ হিসেবে আসাদ খোকন হরিপুর রাজবাড়িতে যান এবং ফেসবুক লাইভে আসেন। দুপুরের দিকে তিতাস নদীতে গোসল করার সময় একদল লোক তাঁর ওপর হামলা চালিয়ে মারধর করে। পরে তাঁকে রাজবাড়ির একটি কক্ষে আটকে রেখে নাসিরনগর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। হামলার কারণে তিনি অসুস্থ হয়ে পড়লে পুলিশ তাঁকে প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়।
আসাদ খোকন এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা সমন্বয় কমিটির সদস্য ছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত বছর তাঁকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল।
হামলায় বিএনপি নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন বলেন, "স্থানীয়দের সঙ্গে কথা-কাটাকাটির জের ধরে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে। এর সঙ্গে বিএনপি বা অঙ্গসংগঠনের নেতাকর্মীদের কোনো সম্পৃক্ততা নেই।"
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম বলেন, "সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া নানা পোস্ট ঘিরে স্থানীয় কিছু মানুষ তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন। সেই জেরেই তাঁকে মারধর করে কিছু লোক পুলিশের কাছে সোপর্দ করে চলে যায়। তবে তাঁর বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ ছিল না, এবং মারধরের বিষয়েও তিনি কারও বিরুদ্ধে লিখিত অভিযোগ করেননি। তাই তাঁকে স্বজনদের জিম্মায় দেওয়া হয়েছে।"
এআইএল/সকালবেলা
|