নেশা অবস্থায় গোসল: পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ণ
নেশা অবস্থায় গোসল: পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় নেশাগ্রস্ত অবস্থায় পুকুরে গোসল করতে নেমে মো. সেলিম (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে পাঠানটুলী এলাকার চট্টেশ্বরী গায়েবি মসজিদ সংলগ্ন পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত সেলিম ভোলা জেলার দৌলতখান থানার চরপাতা হাইস্কুল এলাকার মহিফুল ইসলামের ছেলে। তিনি নগরীর পশ্চিম মাদারবাড়ি এলাকায় ভবঘুরে হিসেবে বসবাস করতেন।

ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) আক্তারুজ্জামান সোহাগ জানান, পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। পরে নিহতের বড় ভাই মো. কামাল এসে লাশের পরিচয় শনাক্ত করেন।

এসআই আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে সেলিম মাদকাশক্ত ছিলেন। নেশাগ্রস্ত অবস্থায় তিনি পুকুরে গোসলে নেমেছিলেন। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন