ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ইয়াকুব আলী, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবান জেলার আলীকদম উপজেলায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে ‘কো-অর্ডিনেশন মিটিং অন ক্লাইমেট চেঞ্জ’ বা জলবায়ু পরিবর্তন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আবু হানিফ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম। সভায় বক্তারা পার্বত্য অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং তা মোকাবিলায় করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মনজুর আলম বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে বর্তমানে ঘূর্ণিঝড়, বন্যা, খরা ও লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে, যা সরাসরি জনজীবন, স্বাস্থ্যখাত এবং কৃষি ব্যবস্থায় মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে পার্বত্য এলাকায় ভূমিক্ষয় ও আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সকল দপ্তরের সমন্বিত পরিকল্পনা গ্রহণ ও কার্যকর উদ্যোগ মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা এখন সময়ের দাবি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক-এর বান্দরবান পার্বত্য জেলার জেলা ব্যবস্থাপক আবুল কালাম এবং সিনিয়র প্রোগ্রামার সুমন দাশ। এছাড়া আলীকদম উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ও সুশীল সমাজের প্রায় ৪০ জন প্রতিনিধি সভায় অংশগ্রহণ করেন। সভায় বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা তাদের নিজ নিজ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন এবং পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে জলবায়ু ঝুঁকি হ্রাস ও টেকসই উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে উপস্থিত সকল অংশীজন জলবায়ু সহনশীল উদ্যোগ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ