সিংড়ায় নিষিদ্ধ জাল ধ্বংস
আরিফুল ইসলাম, নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলার বিভিন্ন বিলে অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। আজ সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার তাজপুর, সাঁতপুকুরিয়া ও পয়েন্ট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিস্থানে নেতৃত্ব দেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত।
মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, বর্ষার শুরুতে চলনবিলে নতুন পানি প্রবেশের সঙ্গে সঙ্গে একশ্রেণীর অসাধু ব্যক্তি ও মৎস্য শিকারি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যবহার করে দেশীয় মা মাছ ও পোনা মাছ নির্বিচারে নিধন করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে চলনবিলের বিভিন্ন পয়েন্টে ঝটিকা অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিলের বিভিন্ন স্থানে পেতে রাখা প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত এসব জাল স্থানীয়দের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানকালে রাজশাহী বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক মো. সাইফুদ্দিন ইয়াহিয়া, নাটোর জেলা মৎস্য কর্মকর্তা মো. ওমর আলী এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত জানান, “চলনবিল অঞ্চলের প্রাকৃতিক মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে আমাদের এই কঠোর অবস্থান। মা মাছ ও পোনা রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে নিয়মিত এই অভিযান পরিচালনা করা হবে এবং বিন্দুমাত্র কোনো ছাড় দেওয়া হবে না।” বিলাঞ্চলের মৎস্যসম্পদ সংরক্ষণে প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ এই চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি হুশিয়ারি দেন।
এআইএল/সকালবেলা