কাশিয়ানীতে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ণ
কাশিয়ানীতে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

সকালবেলা নিউজ: গোপালগঞ্জের কাশিয়ানীতে সানজিদা বেগম (৩০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে নিহতের স্বামী ইমরান শেখকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) উপজেলার ফুকরা ইউনিয়নের সাফলীডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সানজিদা উপজেলার রাতইল গ্রামের কালাম মোল্যার মেয়ে এবং দুই কন্যাসন্তানের জননী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক ও দাম্পত্য কলহের জেরে সানজিদা ও তাঁর স্বামীর মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। সোমবার রাতে স্বামী ইমরান শেখের মোবাইল ফোন বন্ধ পেয়ে সানজিদা প্রতিবেশীদের বাড়িতে গিয়ে খোঁজখবর নেন। পরবর্তীতে নিজ ঘরে ফিরে এসে তিনি ঘুমিয়ে পড়েন।

পরবর্তীকালে গভীর রাতে প্রতিবেশী বিলকিস বেগম সানজিদার ঘরের জানালা দিয়ে আড়ার সঙ্গে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান। তাঁর ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন। মঙ্গলবার সকালে খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করে।

এদিকে নিহতের পরিবারের পক্ষ থেকে মারাত্মক অভিযোগ তোলা হয়েছে। নিহতের মেজ ভাই হামিম মোল্যা অভিযোগ করে বলেন, "এক প্রতিবেশী নারীর সঙ্গে ইমরানের অনৈতিক পরকীয়ার সম্পর্ক ছিল। এটি নিয়ে প্রায়ই তাঁদের দাম্পত্য কলহ হতো। আমাদের ধারণা, আমার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।" তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ ঘটনায় নিহত সানজিদার বড় ভাই সজীব মোল্লা বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের করেছেন।

কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোল্যা আফজাল হোসেন জানান, প্রাথমিক পর্যবেক্ষণে দাম্পত্য কলহের জের ধরে আত্মহত্যার আলামত মিললেও লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন