স্ত্রীকে ফিরে পেতে শিশু অপহরণ, গ্রেপ্তার সাবেক স্বামী

প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ০৮:৫১ অপরাহ্ণ
স্ত্রীকে ফিরে পেতে শিশু অপহরণ, গ্রেপ্তার সাবেক স্বামী

বিশেষ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজীপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে ফিরে পেতে ফুপাতো ভাই অর্থাৎ তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রকে অপহরণের পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত অপহরণকারী মোতালেব প্রামাণিককে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মোতালেবকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার মোতালেব প্রামাণিক সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নবিপুর গ্রামের মৃত ময়দান প্রামাণিকের ছেলে। অন্যদিকে উদ্ধার হওয়া অপহৃত শিপন মিয়া (১০) কাজীপুর উপজেলার ভানুডাংগা গ্রামের মো. সবুজ মিয়ার ছেলে এবং স্থানীয় ভানুডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মোতালেব প্রামাণিকের সঙ্গে কিছুদিন আগে তাঁর স্ত্রীর বৈবাহিক সম্পর্কচ্ছেদ (তালাক) ঘটে। স্ত্রীকে পুনরায় ফেরত পাওয়ার জন্য ব্যাকুল হয়ে মোতালেব স্ত্রীর স্বজন শিপন মিয়াকে অপহরণের পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী রোববার (৯ আগস্ট) সকালে স্কুলে যাওয়ার পথে শিশু শিপন মিয়াকে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যান তিনি।

এ ঘটনায় শিশুটির মা বিউটি খাতুন বাদী হয়ে কাজীপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর পুলিশ প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে সোমবার (১০ আগস্ট) রাতে বেলকুচি উপজেলার খামার উল্লাপাড়া এলাকা থেকে অপহৃত শিশু শিপনকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। পরে তাকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয় এবং ঘটনাস্থল থেকেই মোতালেবকে গ্রেপ্তার করা হয়।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন