বাঘাইছড়িতে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, মালামাল জব্দ

প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ০৯:২৯ অপরাহ্ণ
বাঘাইছড়িতে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, মালামাল জব্দ

মো. ইমরান হোসেন, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়িতে অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলন ও মজুতের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে ঘটনাস্থল থেকে পাঁচটি বালুর স্তূপ এবং বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি সেলু মেশিন জব্দ করা হয়।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে উপজেলার ৩৩ নম্বর মারিশ্যা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পুরাতন মারিশ্যা এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত ও প্রশাসনিক অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় বাসিন্দাদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে এই অভিযান চালানো হয়। পরে জব্দকৃত বালুর স্তূপ ও সেলু মেশিনগুলো আইনানুগ প্রক্রিয়ার অংশ হিসেবে ৩৭৮ নম্বর মারিশ্যা মৌজার হেডম্যান এন্ড্রু খিসার জিম্মায় হস্তান্তর করে পুলিশ ও পরিবেশ অধিদপ্তর।

পরিবেশ অধিদপ্তরের জেলা পরিদর্শক মমিনুল ইসলাম জানান, পরিবেশ ও প্রতিবেশগত ভারসাম্য রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে তাদের এই তদারকি অব্যাহত থাকবে। তিনি আরও জানান, সরকারি অনুমোদন ছাড়া বেআইনিভাবে নদী ও আশপাশের এলাকা থেকে বালু উত্তোলনের সঙ্গে জড়িত চক্রটির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন