মাধবপুরে এক দিনে দুই তরুণীর লাশ উদ্ধার
বিশেষ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে একই দিনে পৃথক দুটি স্থান থেকে দুই তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার বাঘাসুরা ও বহরা ইউনিয়নের দুটি গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে একজনের আজই বিয়ের দিন ধার্য ছিল।
নিহত তরুণীরা হলেন মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হরিতলা গ্রামের খেলু মিয়ার মেয়ে স্বর্ণা (২০) এবং বহরা ইউনিয়নের আউলিয়াবাদ গ্রামের শফিকুল ইসলামের মেয়ে সুমাইয়া জান্নাত তন্নী (১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১২টার দিকে নিজ ঘরে স্বর্ণাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। অন্যদিকে, একই দিন সকালে নিজ ঘরের সিলিংয়ের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় সুমাইয়া জান্নাত তন্নীকে দেখতে পান তাঁর স্বজনরা। পরে উভয় পরিবার থেকে পুলিশকে খবর দেওয়া হলে মাধবপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে।
উল্লেখ্য, শুক্রবারই সুমাইয়া জান্নাত তন্নীর বিয়ের দিন নির্ধারিত ছিল।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ দুই তরুণীর লাশ উদ্ধার করেছে। পরবর্তীতে পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এআইএল/সকালবেলা