যশোরে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

প্রকাশ: শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ণ
যশোরে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোরের শার্শা সীমান্তে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ২ কোটি ২১ লাখ টাকা মূল্যের ১৩ পিস স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা।

আজ শুক্রবার (২৬ জুন) ভোররাতে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা উপজেলার গদখালী বাজার এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

আটককৃত পাচারকারীর নাম সাহাব উদ্দিন সরদার। তিনি যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের বাসিন্দা।

যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবির কাছে গোপন সংবাদ আসে যে ঢাকা থেকে এক ব্যক্তি বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান নিয়ে বেনাপোল সীমান্তের দিকে যাচ্ছেন। এমন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ আভিযানিক টহল দল মহাসড়কের গদখালী বাজার এলাকায় অবস্থান নেয়।

ভোররাতে সন্দেহভাজন সাহাব উদ্দিন সরদারকে চলন্ত অবস্থায় থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় তাঁর পরিহিত কাপড়ের নিচে কোমরে অত্যন্ত সুকৌশলে ও বিশেষভাবে লুকিয়ে রাখা ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। জব্দকৃত স্বর্ণের মোট ওজন ১ কেজি ১৫৮ গ্রাম, যার বর্তমান বাজারমূল্য আনুমানিক ২ কোটি ২১ লাখ ৪৬ হাজার টাকা।

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সাহাব উদ্দিন স্বীকার করেছেন, তিনি ঢাকার সায়েদাবাদ এলাকার বড় একটি চোরাকারবারি চক্রের কাছ থেকে এই স্বর্ণের বারগুলো সংগ্রহ করেছিলেন। এরপর যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে তা ভারতে পাচার করার পরিকল্পনা ছিল তাঁর।

বিজিবি কর্মকর্তারা জানান, জব্দকৃত স্বর্ণের বারগুলো সরকারি কোষাগারে (ট্রেজারি) জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া আটককৃত আসামির বিরুদ্ধে চোরাচালান দমন আইনে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন