সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার

প্রকাশ: শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ণ
সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ১২ কর্মী-সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মিছিলের মূল নেতৃত্বদানকারী এক নেতা মোটরসাইকেলে চড়ে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

আজ শুক্রবার (২৬ জুন) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের মৌচাক ইউটার্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কয়েকজন কর্মী-সমর্থক ওই এলাকায় জড়ো হয়ে একটি ঝটিকা মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিল। এই ঝটিকা মিছিলের নেতৃত্বে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাসরিফ আল নোমান। গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকেই ১২ জনকে গ্রেপ্তার করে।

তবে পুলিশের অভিযানের বিষয়টি টের পেয়ে মূল অভিযুক্ত তাসরিফ আল নোমান মোটরসাইকেলযোগে দ্রুত পালিয়ে যেতে সক্ষম হন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিলের প্রস্তুতিকালে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে পলাতক নোমানসহ বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এই বিষয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

মন্তব্য করুন