ঢাকা-শেরপুর মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ১

ঢাকা-শেরপুর মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ১

পুলক রায়, শেরপুর: শেরপুরের নকলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নাজিফ (১২) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট চারজন গুরুতর আহত হয়েছেন। 

সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-শেরপুর মহাসড়কের নকলা উপজেলার কুর্শা বাইপাস মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত নাজিফ জামালপুর সদর উপজেলার মাস্টারবাড়ি এলাকার বাসিন্দা ও পুলিশ কনস্টেবল নজরুল ইসলামের ছেলে। নজরুল ইসলাম বর্তমানে ময়মনসিংহের তারাকান্দা থানায় কর্মরত রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নজরুল ইসলামের স্ত্রী সুমা আক্তার সন্তানদের নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে ময়মনসিংহ থেকে জামালপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নকলা উপজেলার কুর্শা বাইপাস মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শিশু নাজিফের মৃত্যু হয়।

দুর্ঘটনায় নজরুল ইসলামের স্ত্রী সুমা আক্তার, তাদের অন্য দুই সন্তান নাহিদ ও নওশিন এবং অটোরিকশা চালক গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে সুমা আক্তার ও শিশু নাহিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) পাঠানো হয়েছে। অপর দুইজনকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান:

"দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।"

এ ঘটনায় নিহত নাজিফের পরিবারসহ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন