ডোমারে কৃষকদের মাঝে সার কার্ড বিতরণ
মো. মকবুলার রহমান (ডোমার, নীলফামারী প্রতিনিধি): নীলফামারীর ডোমার উপজেলার ১ নম্বর ভোগডাবুড়ী ইউনিয়নে কৃষকদের মাঝে সারের সুষম ব্যবহার নিশ্চিত করতে তথ্য সংগ্রহ ও সার কার্ড বিতরণ করা হয়েছে। এই উদ্যোগের আওতায় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ২৮০ জন কৃষকের মাঝে আনুষ্ঠানিকভাবে সার কার্ড বিতরণ করা হয়।
সোমবার (৯ নভেম্বর) ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বটতলী ফোরকানিয়া মাদ্রাসা মাঠে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, ১ নম্বর ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফায়জুল বারী, স্বপন কুমার রায় ও লিটন মহন্ত, ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম নুরু, সাবেক ইউপি সদস্য লিটন ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক কৃষক।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, "কৃষকরা যাতে ডিলারদের কাছ থেকে নির্ধারিত নিয়ম ও পরিমাণ অনুযায়ী সার সংগ্রহ করতে পারেন, সে লক্ষ্যেই এই কার্ড বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রকৃত কৃষকদের শনাক্ত করা এবং চাহিদা অনুযায়ী সারের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করা সহজ হবে।" বর্তমান সরকারের কৃষিবান্ধব বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি উন্নত কৃষি উৎপাদন, জমির উর্বরতা রক্ষা এবং সারের সঠিক ব্যবহার সম্পর্কে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেন।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু বলেন, দেশে সারের কোনো ঘাটতি বা সংকট নেই। তবে প্রকৃত কৃষকদের কাছে জমির পরিমাণ ও প্রয়োজন অনুযায়ী সার পৌঁছে দিতে এই ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। যাদের চাষাবাদের কোনো জমি নেই, তাদের লাইনে দাঁড়িয়ে প্রকৃত কৃষকদের ভোগান্তির কারণ না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সার নিয়ে কেউ যাতে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, কৃষকদের প্রকৃত তথ্য সংগ্রহের মাধ্যমে এই বিতরণ কার্যক্রমকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করা সম্ভব হবে। এতে অনিয়ম ও অপব্যবহার রোধের পাশাপাশি কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত হবে এবং দেশের সামগ্রিক কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।
এআইএল/সকালবেলা