জামায়াতের সঙ্গে এনসিপির সংসার টিকবে না: রাশেদ খান
অনলাইন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক জোট শেষ পর্যন্ত টিকবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
সোমবার (৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে রাশেদ খান লিখেছেন, জামায়াতের সঙ্গে এনসিপির রাজনৈতিক পথচলা দীর্ঘদিন অব্যাহত রাখা কোনোভাবেই সম্ভব নয়। আজ হোক কিংবা কাল—এনসিপিকে এই জোট ভাঙতেই হবে। তাদের নিজস্ব রাজনৈতিক অগ্রগতির জন্যই এটি জরুরি। তবে স্বল্পমেয়াদি ক্ষমতার মোহে সংসদীয় রাজনীতিতে কিছু আসন প্রাপ্তিই যদি তাদের একমাত্র লক্ষ্য হয়, তবে সেটি ভিন্ন বিষয়।
সেক্ষেত্রে মাঝেমধ্যে রাগ-অভিমান প্রকাশ করে কিংবা আপস-মীমাংসার মাধ্যমে জামায়াত ও এনসিপির মধ্যকার এই ‘সতিনের সংসার’ টিকিয়ে রাখতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
পোস্টে তিনি আরও বলেন, সামান্তা শারমিন, ডা. তাসনীম জারা ও তাসনুভা জাবিনসহ বেশ কিছু উদীয়মান নারী নেতৃত্ব ইতিমধ্যে এনসিপি ছেড়েছেন। নারীদের মধ্যে যারা জামায়তি মতাদর্শের বাইরে স্বাধীনভাবে চিন্তা করেন, তারাও দলটিতে কোণঠাসা অবস্থায় রয়েছেন। তাছাড়া, কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আরিফ সোহেলসহ ১০ জন গুরুত্বপূর্ণ নেতা জাতীয় নির্বাচনের আগেই একযোগে পদত্যাগ করেছিলেন। নির্বাচনের পরেও অসংখ্য নেতা দল ছেড়েছেন এবং এই পদত্যাগের ধারা অব্যাহত রয়েছে।
রাশেদ খান লিখেন, স্বতন্ত্র চিন্তার নেতৃত্ব হারাতে না চাইলে এনসিপিকে অবশ্যই জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দল গোছানোর কাজে মনোনিবেশ করতে হবে। জামায়াতের বিশাল ছায়াতলে এনসিপির মতো উদীয়মান রাজনৈতিক শক্তি কখনোই পর্যাপ্ত আলো-বাতাস পাবে না; বরং ধীরে ধীরে তা পরগাছায় পরিণত হবে। জামায়াতের নেতৃত্বে এনসিপি থাকলে সাধারণ তরুণরা কেন রাজনীতিতে আগ্রহী হবে—এমন প্রশ্নও তোলেন তিনি।
এআইএল/সকালবেলা