শিকারির ফাঁদ থেকে হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

প্রকাশ: সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ণ
শিকারির ফাঁদ থেকে হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

মোঃ কারিমুল ইসলাম (মোংলা প্রতিনিধি): সুন্দরবনের করমজল বনাঞ্চল থেকে শিকারিদের পেতে রাখা ফাঁদ থেকে একটি জীবিত চিত্রা হরিণ উদ্ধার করেছে বন বিভাগ ও কোস্টগার্ডের সদস্যরা। উদ্ধারকৃত হরিণটিকে প্রাথমিক চিকিৎসা শেষে সুন্দরবনের নন্দবালা এলাকার শিয়ালা খাল সংলগ্ন বনে নিরাপদে অবমুক্ত করা হয়েছে।

অভিযান পরিচালনাকারী মোঃ মোস্তাকিম বিল্লাহ জানান, গত ৮ সেপ্টেম্বর দুপুর ১টা ১৫ মিনিটের দিকে করমজল অফিস এলাকার চারাখালী ভারানী খালের বনাঞ্চলে একটি পুরুষ হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়ে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বন বিভাগ ও কোস্টগার্ডের একটি দল ওই এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। যৌথ বাহিনীর সদস্যরা ফাঁদে বন্দি থাকা হরিণটিকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। তবে অভিযানের টের পেয়ে শিকারিরা আগেই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে উদ্ধারকৃত পুরুষ হরিণটিকে প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে ওইদিনই বিকেল ৩টার দিকে সুন্দরবনের নন্দবালা অফিস এলাকার শিয়ালা খালের বনাঞ্চলে অবমুক্ত করা হয়।

চাঁদপাই স্টেশন কর্মকর্তা মোঃ হামিদুর রহমান জানান, সুন্দরবনের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগ সর্বদা তৎপর রয়েছে। শিকারিদের অপতৎপরতা বন্ধে এবং বনের নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগ ও বাংলাদেশ কোস্টগার্ডের যৌথ টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

এআইএল/সকালবেলা