ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জুয়েল রানা, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দীর্ঘদিনের অভিশাপ জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে ৫ কোটি টাকা ব্যয়ে ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান শ্যামলীপাড়া কালীবাড়ী এলাকা থেকে পাটবন্দর পর্যন্ত এই নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই প্রকল্পের মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষিত নাগরিক ভোগান্তি লাঘব হবে বলে আশা করা হচ্ছে।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, পৌরশহর ও তৎসংলগ্ন এলাকার জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে মোট ৩২০০ মিটার ড্রেন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে প্রথম পর্যায়ে শ্যামলীপাড়া থেকে পাটবন্দর পর্যন্ত ১৭০০ মিটার ড্রেনের কাজ শুরু হলো। পুরো প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় ৫ কোটি টাকা। আগামী জুন মাসের মধ্যে প্রকল্পের কাজ শতভাগ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আধুনিক প্রযুক্তি ও টেকসই নির্মাণসামগ্রী ব্যবহার করে এটি নির্মাণ করা হবে যাতে দীর্ঘমেয়াদে পানি নিষ্কাশন ব্যবস্থা কার্যকর থাকে।
স্থানীয় বাসিন্দারা জানান, সামান্য বৃষ্টিতেই শ্যামলীপাড়া, কালীবাড়ী ও পাটবন্দরসহ আশপাশের এলাকায় হাঁটুসমান পানি জমে থাকত। ফলে ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ বসতবাড়িতে চরম ভোগান্তির সৃষ্টি হতো। উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, উল্লাপাড়ার মানুষের দীর্ঘদিনের দুঃখ ছিল এই জলাবদ্ধতা। বর্ষা মৌসুমে ব্যবসা-বাণিজ্য ও শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হতো। এই ড্রেন নির্মাণ সম্পন্ন হলে সমস্যার স্থায়ী সমাধান হবে এবং নগরজীবনে স্বস্তি ফিরবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম আরিফ, সহকারী প্রকৌশলী মেহেদী হাসান, উপজেলা জামায়াতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আরিফ বলেন, প্রকল্পের কাজ তদারকিতে কঠোর নজরদারি থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ