মৌলভীবাজারে গাঁজাসহ কারবারি গ্রেপ্তার
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করে তিন কেজি গাঁজাসহ অজিত পাত্র (৪৮) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
গতকাল বুধবার (২২ জুলাই ২০২৬) রাতে সদর উপজেলার ১২ নম্বর গিয়াসনগর ইউনিয়নের প্রেমনগর চা বাগান (সমাধি টিলা) এলাকায় নিজ বসতঘরে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই হীরক চক্রবর্তীর নেতৃত্বে একটি টিম অজিত পাত্রের বসতঘরে অভিযান চালায়। এ সময় বসতঘরের একটি ঘরের ভেতর বস্তায় লুকিয়ে রাখা তিন কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার অজিত পাত্র জানান, বিক্রির উদ্দেশ্যেই এই গাঁজা নিজের হেফাজতে রেখেছিলেন তিনি। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, পুলিশের সিডিএমএস তথ্য অনুযায়ী গ্রেপ্তার অজিত পাত্রের বিরুদ্ধে আগে থেকে একাধিক মাদক মামলা রয়েছে। জেলা পুলিশ সুপারের নির্দেশে মাদকের বিরুদ্ধে ডিবির এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এআইএল/সকালবেলা
|