ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ওয়াফিক শিপলু, বগুড়া: পবিত্র রমজান মাসে বগুড়ায় প্রতিদিন তিন শতাধিক রোজাদারের জন্য ইফতারের আয়োজন করা হচ্ছে। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত পৃষ্ঠপোষকতায় এই মানবিক কর্মসূচি টানা তিন বছর ধরে নিরবচ্ছিন্নভাবে পরিচালিত হচ্ছে। প্রতিদিন শহরের নিম্নআয়ের মানুষ, দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালক, পথচারী ও ছিন্নমূল মানুষেরা এই আয়োজনে অংশ নিচ্ছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে এমন ধারাবাহিক উদ্যোগ স্থানীয় অসহায় মানুষের মাঝে ব্যাপক স্বস্তি ও প্রশংসা কুড়িয়েছে।
বগুড়া শহরের শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল প্রাঙ্গণে নিয়মিতভাবে এই ইফতার কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। প্রতিদিন আসর নামাজের পর থেকেই রোজাদারেরা সেখানে এসে সুশৃঙ্খলভাবে সারিবদ্ধ হয়ে বসেন। নারী ও পুরুষের ইফতার গ্রহণের জন্য রাখা হয়েছে আলাদা ব্যবস্থা। ইফতারের নির্দিষ্ট সময়ের ১৫-২০ মিনিট আগেই স্বেচ্ছাসেবীরা খাবার পরিবেশন শুরু করেন। ইফতার সামগ্রীর তালিকায় থাকছে খেজুর, মৌসুমি ফল, ছোলা, মুড়ি, বেগুনি, পেঁয়াজু, জিলাপি ও শরবতসহ পুষ্টিকর নানা পদ। আয়োজকদের দাবি, অত্যন্ত স্বাস্থ্যসম্মত পরিবেশে এবং পরিচ্ছন্নতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিদিন এই খাবার প্রস্তুত ও বিতরণ করা হচ্ছে।
ইফতারে অংশ নেওয়া দিনমজুর ও ভ্যানচালকেরা জানান, সারাদিন হাড়ভাঙা খাটুনির পর মানসম্মত ইফতার কেনা তাদের জন্য অনেক সময় কষ্টসাধ্য হয়ে পড়ে। এখানে এসে সবার সাথে বসে তৃপ্তিসহকারে ইফতার করতে পেরে তারা অত্যন্ত খুশি। আয়োজক সংশ্লিষ্টরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। তারেক রহমানের বিশেষ নির্দেশনায় পরিচালিত এই কর্মসূচি পুরো রমজান মাসজুড়ে অব্যাহত থাকবে।
বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ জানান, দল সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। রমজানের পবিত্রতা ও ত্যাগের শিক্ষাকে ধারণ করেই এই বিশাল কর্মযজ্ঞ পরিচালনা করা হচ্ছে। তারা আশা প্রকাশ করেন, রাজনৈতিক এই উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তিরাও নিজ নিজ অবস্থান থেকে আর্তমানবতার সেবায় এগিয়ে আসবেন। প্রতিদিনের এই ইফতার আয়োজনকে কেন্দ্র করে হাসপাতাল প্রাঙ্গণে এক ধরনের সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ